রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি:
গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামের বদ্দার হাটে চালু হচ্ছে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার। ইতোমধ্যে এ আইসোলেশন সেন্টার চালু করার প্রস্তুতি সভা করেছে সংগঠনটি। নগরীর বহদ্দারহাট আরবি কনভেনশন পাশে ৫তলা ভবনের পুরোটাই করোনা আইসোলেশন সেন্টারের জন্য তৈরী করা হচ্ছে। ১৬ জুন, ২০২০ মঙ্গলবার আইসোলেশন সেন্টার প্রস্ততিমুলক আসবাবপত্র ও যাবতীয় জিনিসপত্র ক্রয়ের জন্য দাম যাচাই বাছাইয়ের কাজ শেষ করেছে কমিটি।
এ ব্যাপারে জানতে চাইলে গাউছিয়া কমিটির চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব সাদেক হোসেন পাপ্পু জানান, গাউছিয়া কমিটির উদ্যোগে বহদ্দারহাট আরবি কনভেশনের পাশে আইসোলেশন সেন্টার তৈরির কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে সেখানে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য পুরাপুরি প্রস্তুত হয়ে যাবে। গাউছিয়া কমিটি সরাসরি এই আইসোলেশন সেন্টারের কার্যক্রম পরিচালনা করবে। তুলনামূলকভাবে যেসকল রোগীর উপসর্গ নেই, যারা রোগী মোটামুটি সুস্থ তাদের এই আইসোলেশন সেন্টারে রাখা হবে। আর যে সকল করোনা রোগী নিজের বাসায় থাকতে চান না বা বাসায় আলাদা থাকার ব্যবস্থা নেই তাদেরকেও এখানে রাখার সিদ্ধান্ত হয়েছে। আমাদের পক্ষ থেকে চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয় সার্বক্ষনিক সেবায় নিয়োজিত থাকবে।
তিনি আরো বলেন,গাউছিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও থানার সাধারণ সম্পাদক ও রাবেয়া-বশর ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ আবদুল্লাহ করোনাভাইরাস (কোভিড-১৯) রোগীদের জন্য আইসোলেশন সেন্টার তৈরি করতে নিজের ৫ তলা ভবনের পুরোটাই নিজের ইচ্ছায় গাউছিয়া কমিটি বাংলাদেশের কাছে হস্তান্তর করেছেন।
উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই দরিদ্র, হত-দরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ থেকে শুরু করে গাউছিয়া কমিটি বাংলাদেশ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের দাফন-কাফনের ব্যবস্থা করে আসছে। পাশাপাশি হোম কোয়ারেন্টাইনে ও আইসোলেশানে থাকা মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ঔষধ বিতরণ করে আসছে বলে জানা যায়।