রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার করোনা পরিস্থিতে অসহায়, হত-দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়নের তত্বাবধানে ও সিন্দুকছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় ১ মিনিটের বাজারের মাধ্যমে খাদ্যশস্য বিতরণ করা হয়। ১৮ মে, ২০২০ সোমবার সকাল ১০ টায় উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবানুনাশক স্প্রে শেষে অসহায়, হত-দরিদ্র ও প্রতিবন্ধী ১শত জনের মাঝে থরে থরে খাদ্য (চাল, আলু, ঢেঁড়শ, শশা, বরবটি, কচুর লতি, মিষ্টি কুমড়া, চিচিংগা ও কাঁচা মরিচ) সাজিয়ে রেখে বিতরণ করা হয়।

১ মিনিটের বাজার বলা হলেও এক মিনিটের মধ্যে এই নয় প্রকার খাদ্য দ্রব্য এসব অসহায় মানুষের মাঝে বিনা মূল্যেই প্রদান করা হয়। খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান জানান প্রান্তিক কৃষকদের নিকট থেকে প্রতিনিধির মাধ্যমে এইসব সব্জি ক্রয় করে এই ব্যতিক্রমী বাজার ব্যবস্থার আয়োজন করা হয় এবং এ ধরণের আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে।

মানিকছড়িতে প্রথমবারের মতো এই ব্যতিক্রমী বাজারে বিনামূল্যে বাজার করার সুযোগ পেয়ে আনন্দিত এসব পাহাড়ী-বাঙ্গালীর অসহায়-দরিদ্র ও নিম্নআয়ের মানুষেরা।