কামাল পারভেজ অভি, মক্কা, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার মধ্যে ৫২ জনই প্রবাসী বাংলাদেশি । অর্থাৎ মোট মৃতদের মধ্যে এক-তৃতীয়াংশই বাংলাদেশি রয়েছে। ২৯ এপ্রিল, ২০২০ বুধবার রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এ তথ্য নিশ্চিত করেন। নিহত ৫২ জনের মধ্যে ইতিমধ্যে ৪৬ জনের পরিচয় পাওয়া গেছে। বাকী ৬ জনের পরিচয় পরবর্তী পোস্টে জানিয়ে দেবে বলে জানান রিয়াদ বাংলাদেশ দূতাবাস। তবে মৃতদের মধ্যে বেশির ভাগই মদিনায় মারা গেছেন। তাছাড়া নিহতদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে চট্টগ্রামের বাসিন্দা। সৌদি আরবে দিন দিন প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই নতুন করে রেকর্ড সংখ্যক আক্রান্তের খবর জানাচ্ছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২৯ এপ্রিল, ২০২০ বুধবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭৭ জন।আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ হাজার ৭৮৪ জন। রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট থেকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হালনাগাদ মৃতদের তালিকায় থেকে এ তথ্য পাওয়া গেছে।
সৌদি আরবে করোনায় ৫২ বাংলাদেশির মৃত্যু