কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের পবিত্র মক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ মহিউদ্দিন (৪৬) নামে আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ২০ এপ্রিল, ২০২০ সোমবার সকাল ৮ টায় মক্কার মিসফালায় নিজ বাসাতে সিঁড়িতে পড়েই মারা যান তিনি। তার সহকর্মীরা তাৎক্ষণিক ৯৩৭ এ ফোন করলে এম্বুলেন্স এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন । নিহত মহিউদ্দিন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবদুর রউফ।মঙ্গলবার সকালে মক্কা প্রবাসী জামশেদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। খোঁজ নিয়ে জানা যায়,মহিউদ্দিন মক্কার জমজম টাওয়ারে তিন ভাই মিলে এক সাথে ব্যবসা করতেন। ব্যবসায়ীক মন্দা এবং আরো নানারকম ঝামেলাতে বিপর্যস্ত হয়ে গত বছর ব্যবসা ছেড়ে পাড়ি জমান দেশে। বছর না ঘুরতেই ফের নতুন ভিসায় আবার পূনরায় পবিত্র নগরী মক্কায় ফিরে আসেন। তিনি দীর্ঘ ১৫ বছর যাবৎ সৌদি প্রবাসী ছিলেন। মক্কা প্রবাসী নিহতের শ্যালক নয়ন আরো জানান, গত দুমাস আগেই নতুন ভিসাতে সৌদি আরবে আসেন মহিউদ্দিন। মক্কায় আসার পর মাত্র ১২ দিন কাজ করেন তিনি। মক্কার মসজিদুল হারামের পাশেই জাবালে ওমর প্রজেক্টে ১২ দিন কাজ করার পর করোনার কারণে দেশটিতে লক ডাউনের আওতায় কাজ বন্ধ করতে বাধ্য হন । দুমাস অতিবাহিত হলেও তিনি ইকামাও পাননি। দেশ থেকে সদ্য আসা ঋণগ্রস্থ মহিউদ্দিনের লক ডাউনে কাজ বন্ধ থাকায় মানসিক এবং আর্থিক চাপে পড়েছেন। তবে আগে থেকেই ডায়বেটিসসহ আরো নানা রোগে ভুগছিলেন তিনি।দেশে তার স্ত্রী ১মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। বর্তমানে নিহতের মরদেহ মক্কার একটি হাসপাতালের হিমঘরে রাখা রয়েছে ।
মক্কায় হৃদরোগে ফটিকছড়ির মহিউদ্দিনের মৃত্যু