কামাল পারভেজ অভি, সৌদিআরব প্রতিনিধি: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী
নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে সৌদিআরবে সমস্ত ধরণের বেসরকারি প্রতিষ্ঠান কাজ ১৫ দিনের জন্য বন্ধ করে দিয়েছে সৌদি সরকার।
১৮ মার্চ ২০২০, বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেয়।
সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র বরাতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। এসপিএ তাদের প্রতিবেদনে জানায়, সৌদি আরব করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য দেশের প্রচেষ্টার অংশ হিসাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের সমস্ত কাজ ১৫ দিনের জন্য স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বরাতে এসপিএ জানায়, বিদ্যুৎ, পানি, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেক্টর ব্যতীত অন্যান্য সমস্ত কাজ স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে সৌদি সরকার মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদুল নববী বাদের তাদের সমস্ত মসজিদ বন্ধ করার ঘোষণা দেয়। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, মধ্যপ্রাচ্যের দেশটিতে এখন পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ১৭১ জনকে শনাক্ত করা গেছে। তবে দেশটিতে কোনো মৃত্যুর ঘটনা এখনো ঘটেনি।