রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: ফ্রান্সে প্রথমবারের মতো বাউল উৎসব অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর ২০১৯) প্যারিসের একটি স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘শেকড়ের সন্ধানে’ এ আয়োজনে উপস্থিত ছিলেন শেকড়ের সন্ধানে প্যারিস ফ্রান্সের নেতা জামিল আহমদ সাহেদ মনি, মিষ্টি বিশ্বাস, পারভেজ রানা, ইলিয়াস হোসাইন, মিষ্টি গোমেজ, সুচিস্মিতা পূজা, বৃষ্টি গোমেজ প্রমুখ।
শেকড়ের সন্ধানে প্যারিস ফ্রান্সের নেতারা জানান, বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে প্রথমবারের মতো এ বাউল উৎসব অনুষ্ঠিত হবে। তারা আরও জানান, বর্তমান প্রযুক্তির যুগে রকঝক সংগীত হরদমে আমাদের প্রাণের গানগুলোকে ডুবিয়ে দিচ্ছে। আর এ সস্তা কথার গানগুলো হচ্ছে পাশ্চাত্যের সংস্কৃতির অনুকরণ। যা আমাদের সমাজ ও মানুষের ওপর নানাভাবে প্রভাব ফেলছে। আর বাউল গান হলো সেই গান যা আমাদের প্রকৃতি থেকে পাওয়া, যা আমাদের শেখায় শেকড়ের প্রতি মমত্ব, মানবিকতা, ভ্রাতৃত্ববোধ ইত্যাদি। আর এ গান নিয়ে বাংলার বহু প্রাণপুরুষ আজ কীর্তিমান হয়ে আছেন।