ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: লেবাননে ইমাম মোল্লা (আলী) ৫০ নামে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তিনি চাঁদপুর জেলার সদর উপজেলার, নতুন বাজার বাসস্ট্যান্ডের বাসিন্দার আবদুল হক মোল্লার দ্বিতীয় সন্তান। তিনি দুই ছেলে দুই মেয়ের জনক ছিলেন।
জীবন জীবিকার তাগিদে তিন বছর আগে লেবাননে আসেন আলী। সে প্রথম বছর আকামা করতে পারলেও পরের বছরগুলোতে আকামা না করতে পেরে অবৈধভাবে থাকতে হয়েছে। আলী কাজ করতেন একটি পেট্রোল পাম্পে। ২৩ নভেম্বর শনিবার সন্ধ্যা কাজ শেষে বাসায় ফেরার পথে রোড পারাপারের সময় গাড়ির ধাক্কায় ছিটকে পরেন।পরে স্থানীয় লোকজন রেডক্রসকে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । বর্তমানে নিহতের লাশ মুনছুরিয়ার ভেলবিও আলোশাহ্ হাসপাতালে মর্গে রাখা আছে।
এদিকে দেশের বাড়িতে এই দুঃসংবাদ শোনার পর তার পরিবার ও এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা বাংলাদেশ দূতাবাসের নিকট আবেদন জানিয়েছে যেন দ্রুত তার লাশ দেশে পাঠানো হয়।
লেবানন বাংলাদেশ দূতাবাস জানায়, যেহেতু ইমাম মোল্লা অবৈধভাবে লেবাননে বসবাস করতেছেন, লেবাননের আইনি জটিলতা কাঁটিয়ে তার লাশ খুব শীঘ্রই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।