প্রবাস মেলা ডেস্ক: ১৮ নভেম্বর ২০১৯ সোমবার বিকেলে প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাদশা বুলবুল। এসময় তিনি প্রবাস মেলা’র কলাকুশলীদের সাথে তার সঙ্গীত জীবনের নানান গল্প শেয়া্র করেন।
বাদশা বুলবুল মূলত আধুনিক এবং ফোক গান গেয়ে থাকেন। তিনি ১৯৭৯ সালে শিশু শিল্পী হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।এরপর থেকেই বাদশা বুলবুল অসংখ্য একক অ্যালবাম, মিক্সড অ্যালবাম, চলচ্চিত্রে গান করেছেন।
তার মধ্যে ‘সে ছিল আমার প্রিয়া’, ‘সে যেন চিরসুখী হয়’, ‘হৃদয়ের কবিতা’, ‘তবুও প্রেম আসে’, ‘যে আমায় দুঃখ দিল’, ‘পিরীতি আমার জন্য নয়’, ‘ব্যাথার শ্রাবণ’ প্রমুখ উল্লেখযোগ্য।
আলাপচারিতায় জনপ্রিয় এই শিল্পী জানান, গানে তার হাতেখড়ি তার মা মনোয়ারা বেগমের কাছেই। যিনি নিজেও একজন সঙ্গীতশিল্পী হিসেবে বেশ পরিচিত।
বাদশা বুলবুল বলেন, ‘আমি ওমান, দুবাই, কাতার, হংকং, জাপান, লন্ডন, ইতালি, ফ্রান্স, জার্মানি, গ্রীস, আমেরিকা, কানাডা সহ অনেক দেশে প্রবাসীদের আমন্ত্রণে স্টেজ ‘শো’তে পারফর্ম করেছি। এসব প্রোগ্রামগুলোতে প্রবাসী বাংলাদেশিদের যে ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছি তা ভাষায় প্রকাশ করার মত নয়। তখন মনে হয় আমি যেন নিজের ঘরে, নিজের দেশেই গান করছি’।
পরে বাংলা গানের বিশিষ্ট এই সঙ্গীতশিল্পী প্রবাস মেলা’র কলাকুশলীদের সাথে ফটোসেশনে অংশ নেন।