প্রবাস মেলা ডেস্ক: ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় বাংলাদেশের টেস্ট ও টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি । আইসিসির দুর্নীতিবিরোধী কোডের তিনটি আইন লঙ্ঘনের অপরাধ সাকিব মেনে নেওয়ার পর এ শাস্তি দেওয়া হয়েছে তাকে। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।
আইসিসি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, শাস্তির ২ বছরের মধ্যে প্রথম এক বছর কোনো ধরণের ক্রিকেট ম্যাচ খেলতে পারবেন না সাকিব। শাস্তির প্রথম এক বছর আইসিসির কোনো আইন ভঙ্গ না করলে পরের এক বছর তার শাস্তি স্থগিত থাকবে। শাস্তির ২ বছর আইসিসি’র পর্যবেক্ষণে থাকবেন সাকিব। এই সময়ে কোনো আইন ভাঙ্গলে সর্বেোচ্চ শাস্তি অর্থ্যাৎ ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হবে তাকে।

আইসিসি জানিয়েছে, ২০১৮ এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসের মধ্যে তিন বার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পান সাকিব। তবে এ বিষয়ে আইসিসিকে কিছু জানাননি তিনি। ২০১৮ সালের জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ চলাকালে ফিক্সিংয়ের প্রস্তাব পান সাকিব। পরবর্তীতে সে বছরই আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ-কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের আগেও তাকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন জুয়াড়িরা। আরেকবার তার কাছে প্রস্তাব আসে ত্রিদেশীয় সিরিজ অথবা আইপিএলে।আইসিসির কাছে সকল দোষ স্বীকার করে নেওয়ায় শাস্তির বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ থাকছে না সাকিবের।
এদিকে বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান আইসিসির কাছে নিজের অপরাধ স্বীকার করেছেন। ভুল করেছেন জানিয়ে বলেছেন, ‘যে খেলাটি ভালোবাসি, সেখান থেকে নিষিদ্ধ হয়ে আমি অবশ্যই অসম্ভব কষ্ট পাচ্ছি। কিন্তু আমার কাছে অনৈতিক প্রস্তাব আসার পরও না জানানোর ফলে আমার শাস্তি আমি মেনে নিয়েছি। আইসিসির দুর্নীতিবিষয়ক কমিটির দুর্নীতির বিরুদ্ধে লড়াই খেলোয়াড়দের ওপর নির্ভর করে। এ ঘটনায় আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি।’
তিনি বলেন, ভবিষ্যতে তরুণ কোনো ক্রিকেটার যেন এমন ভুল না করে, সেটা নিশ্চিত করতে চান সাকিব। এ ব্যাপারে আইসিসিকে পূর্ণাঙ্গ সহযোগিতা করতে চান, ‘বিশ্বের অধিকাংশ ক্রিকেটার ও সমর্থকের মতো আমিও চাই দুর্নীতিবিরোধী খেলার পরিবেশ। আমি আইসিসির দুর্নীতিবিষয়ক কমিটির সঙ্গে এ ব্যাপারে কাজ করার অপেক্ষায় আছি। তরুণ ক্রিকেটারদের শিক্ষা কার্যক্রমে অংশ নেব এবং নিশ্চিত করতে চাই, তরুণ ক্রিকেটাররা আমার ভুল থেকে শিক্ষা নেবে।’