প্রবাস মেলা ডেস্ক: অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশেন অন্যতম সফল শ্যুটার সাবরিনা সুলতানা। কমনওয়েলথ শুটিং ও সাফ গেমসে সোনা জয়ী এই শুটার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর আনোয়ার খান মডেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
সাবরিনা সুলতানা বলেন, তিন মাস আগে হঠাৎই পিঠের ব্যাথা দেখা দেয়। এরপর ধীরে ধীরে তা সহ্যের সীমা ছাড়িয়েছে। ছড়িয়ে পড়েছে শরীরের অন্যান্য অংশে। প্রথম দিকে ডাক্তারের পরামর্শে থেরাপি নিলেও দিন দিন তা বাড়তে থাকে। ২৩ সেপ্টেম্বর সোমবার দু পা অবশ হতে শুরু করলে ভর্তি হন হাসপাতালে।
ডাক্তারের ভাষ্য অনুযায়ী- মেরুদন্ডের বিরল রোগে ভুগছেন স্বর্ণজয়ী এই শ্যুটার। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা গেছে বিদেশে তার চিকিৎসার জন্য প্রয়োজন ২৫ থেকে ৩০ লাখ টাকা। জীবনের কঠিন মূহুর্তে মাতৃভূমিকে পাশে চান একসময়ের এই কৃতি শ্যুটার। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিকিৎসার সহায়তার জন্য আবেদন করেছেন।