আনোয়ারুল ইসলাম রনি: প্রবাসীরা বিদেশের মাটিতে ভাষাগত জটিলতার কারণে না বুঝে অনেক সময় আইন অমান্য করে ফেলেন। সিস্টেম না জানার কারনে অনেক সুবিধা ভোগ করতেও ব্যর্থ হয় । উন্নত দেশগুলোতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার নিয়মগুলো জানা থাকলে পেতে সুবিধা হয়। এইসব বিষয়গুলো মাথায় রেখে দক্ষিণ কোরিয়াতে ইপিএস বাংলা কমিউনিটি প্রতি বছরই কয়েক পর্বে এই বিষয়গুলোর উপর ওয়ার্কশপ আয়োজন করে। ২৫ আগস্ট রবিবার কোরিয়ার সংনাম সিটিস্থ বুনদাং পুলিশ স্টেশনের সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হলো ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া কর্তৃক আয়োজিত “ইপিএস বাংলা ড্রাইভিং ওয়ার্কশপ-২০১৯”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুনদাং পুলিশ স্টেশনের সুরক্ষা বিভাগের ম্যানেজার কিম জোং বোক ও সুরক্ষা বিভাগের প্রধান কিম হোং হুই এবং সুরক্ষা বিভাগী অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জাং জে ইন।

কোরআন তেলাওয়াতের পর বাংলাদেশ ও কোরিয়ার জাতীয় সংগীত পরিবেশন ও ইপিএস বাংলা কমিউনিটির সভাপতির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশের সুরক্ষা বিভাগের ম্যানেজার কিম জোং বোক। এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইপিএস বাংলা কমিউনিটির উপদেষ্টা।
ড্রাইভিং ওয়ার্কশপে সহজে ড্রাইভিং লাইসেন্স অর্জনের পদ্ধতি ও নিরাপত্তা বিষয়ে তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইপিএস বাংলা কমিউনিটির প্রচার সম্পাদক জাহিদ খান। এছাড়াও প্রধান আকর্ষণ হিসেবে বাংলা ভাষায় কোরিয়ার আইনি জটিলতা ও অপরাধ প্রতিরোধ বিষয় গুলো তুলে ধরেন বুনদাং পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর ” কিম ইউ লি”।

মজার ব্যাপার এই পুলিশ ইন্সপেক্টর সাবলীলভাবে বাংলা ভাষায় কথা বলতে পারেন। অনুষ্ঠানটিতে কিভাবে সহজে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, ট্রাফিক আইন সংক্রান্ত কুইজ উত্তর সহ খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা, সকল জটিলতা, প্রশ্নোত্তর পর্ব এবং সচেতনতাসহ “ড্রাইভিং লাইসেন্স” পাওয়ার উপযোগী MCQ ইংরেজী বই প্রদান করা হয়। উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সফল করার জন্য সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছে ইপিএস বাংলা কমিউনিটি পরিবার।