হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ৮ আগস্ট এক অনাড়ম্বর পরিবেশে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৮৯তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে। অনুষ্ঠানের কর্মসূচীর অংশ হিসেবে শুরুতে বঙ্গমাতা’র রুহের শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক প্রেরিত বাণী পাঠ করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতার উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, এই মহিয়ষী নারীর অনবদ্য সহযোগিতায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হিসেবে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। কনসাল জেনারেল বঙ্গমাতার জীবনের আদর্শকে আমাদের জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগানোর আহবান জানান।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর ও তাঁর পরিবারের অন্যান্য শহীদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।