প্রবাস মেলা ডেস্ক: কণ্ঠশীলন সভাপতি, উচ্চারণ প্রশিক্ষক, আবৃত্তি ও নাট্য নির্দেশক, আবৃত্তিশিল্পী গোলাম সারোয়ার ষাট বছরে পদার্পণ উপলক্ষে আগামী ১ শ্রাবণ ১৪২৬ / ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় (মূল মিলনায়তন) আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্রসাধক ওয়াহিদুল হকের ভাবশিষ্য রবীন্দ্র-অনুরাগী গোলাম সারোয়ার সাজিয়েছেন তাঁর আবৃত্তির ডালা রবীন্দ্রনাথের কবিতা, গল্প ও কাহিনিকাব্য দিয়ে।
গোলাম সারোয়ার জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট (নিমকো), জাতীয় গ্রন্থাগার, প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি), আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট, বিশ্বসাহিত্য কেন্দ্র, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, কণ্ঠশীলন, বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্র ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি, সারা দেশের আবৃত্তি ও নাট্যসংগঠনসহ প্রায় শতাধিক প্রতিষ্ঠানে বাচিক মাধ্যমের উচ্চারণ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন । এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রমিত উচ্চারণ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন নিরলসভাবে।
প্রতিষ্ঠাতা সদস্য গোলাম সারোয়ার কেবল তাঁর প্রতিষ্ঠান কণ্ঠশীলনকে অনির্বচনীয় উচ্চতায় অধিষ্ঠিত করবার সেনানায়ক এমন যথেষ্ট নয়; তিনি ছড়িয়ে ছিটিয়ে নিজেকে উজাড় করে চলেছেন সাংস্কৃতিক পদপ্রান্তে ‘শ্যামলা বিপুলা এ ধরার পানে … মুগ্ধ নয়ানে’।
গোলাম সারোয়ারের একক পরিবেশনায় “শুভ ষষ্টি গোলাম সারোয়ার” আবৃত্তি অনুষ্ঠানে সংস্কৃতিপ্রিয় সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। (প্রেস রিলিজ)