আনোয়ারুল ইসলাম রনি: তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের উপস্থিতিতে দক্ষিণ কোরিয়া প্রবাসী নারী উদ্যোক্তা রিপা আর জাহানের কোম্পানি সুমাইয়া টেক ও উইমেন ই-কমার্সের (WE) আয়োজনে ১৮ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেলো ‘ উইমেন ই-কমার্স নিশ্চিত করতে পারে সারা দেশের নারীর আর্থিক অংশগ্রহণ ও ক্ষমতায়ন শীর্ষক সেমিনার । আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের স্টার্টআপ প্রকল্পের সভাকক্ষে অনুষ্ঠিত হয় সেমিনারটি।
দেশে নারী উদ্যোক্তা তৈরি করতে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী বলেন, দেশের তরুণেরা চাকরি খুঁজবে না, চাকরি দেবে। এ লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং উদ্যোক্তাদের সহায়তার জন্য আগামী অর্থবছরের বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। আইডিয়া প্রকল্পের মাধ্যমে স্টার্টআপ প্রতিষ্ঠানসমূহে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। জ্ঞান-সমৃদ্ধ সমাজ তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি বিভাগ দেশে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি গঠন, ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টরপ্রেনরশীপ একাডেমি প্রতিষ্ঠাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উইমেন ই-কমার্সের সভাপতি নাসিমা আক্তার নিশা। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ হাই-টেক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও সুমাইয়া টেকের স্বত্বাধিকারী রিপা আর জাহান।
উল্লেখ্য যে, দক্ষিণ কোরিয়া প্রবাসী নারী রিপা জাহান একজন সফল উদ্যোক্তা । আই টি সেক্টর নিয়ে তার ব্যবসা । রিপা জাহান দীর্ঘদিন প্রবাসে থাকলেও দেশের প্রতি ভালবাসা ও দায়িত্ববোধ একটুও কমেনি। এখন সে দেশে বড় ধরনের বিনিয়োগ করে দেশের মানুষের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে একজন নারী হয়েও ভূমিকা রাখতে চাচ্ছেন ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নারী-পুরুষের সমান সুযোগ সৃষ্টি করতে হবে। লার্নিং আর্নিং প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের সাথে ডিজিটাল বৈষম্য দূর করতে প্রত্যন্ত অঞ্চলেও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, বিগত দশ বছরে রিপা আর জাহানের মতো অনেক প্রবাসীই এখন দেশে বিনিয়োগ করছে পাশাপাশি সকল প্রবাসীদের দেশে বিনিয়োগের আহবান করেন ।
এসময় আরও উপস্থিত ছিলেন ওমেন এ্যান্ড ই-কমার্স ফোরামের সকল সদস্য সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা রাজীব আহমেদ, স্টার কম্পিউটারের সিইও রেজওয়ানা খান, বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম’ ও ‘স্পেস অ্যাপস বাংলাদেশ’ এর প্রধান আরিফুল হাসান অপু প্রমুখ ।