আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেল তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ট্রেড কনফারেন্স’। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ও গালা নাইটসের একফাঁকে বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এর হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার অস্ট্রেলিয়া (সিডনি) প্রতিনিধি আবুল কালাম আজাদ খোকন।
চিত্রনায়িকা শাবনূরের প্রথম চলচ্চিত্র চাঁদনী রাতে ১৯৯৩ সালে মুক্তি পায়।
ছবিটি পরিচালনা করেন এহতেশাম। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের সাথে তিনি জুটি বেধে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন যার প্রায় সবগুলোই ছিল ব্যবসায়িক সফল।

শাবনূর ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে দশ বার মেরিল-প্রথম আলো পুরস্কার সহ অসংখ্যা পুরস্কারে ভূষিত হয়েছেন।
জনপ্রিয় এই অভিনেত্রীর পুরস্কারজয়ী চলচ্চিত্রসমূহের মধ্যে ‘বুক ভরা ভালোবাসা’, ‘বিয়ের ফুল’, ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’, ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘ফুলের মত বউ’, ‘মোল্লা বাড়ীর বউ’, ‘আমার প্রাণের স্বামী’, ‘এক টাকার বউ’, ‘বলবো কথা বাসর ঘরে’ প্রমুখ উল্লেখ্যযোগ্য।
এসময় শাবনূর বলেন, ‘দেশে ও প্রবাসে এ পর্যন্ত বাংলাদেশি দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছি। এখন অভিনয় থেকে দূরে সরে এসে সুদূর অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছি। আমি এক সন্তানের জননী’।
শাবনূর আরো বলেন, প্রবাস মেলা’র সংখ্যা অস্ট্রেলিয়া প্রতিনিধির হাত থেকে পেয়ে অনেক খুশী হলাম এবং তাঁদের কলাকুশলীদের অনেক ধন্যবাদ জানাই। তিনি পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।