তপন দেবনাথ, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র: ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ৭ নভেম্বর সন্ধ্যায় লিটল বাংলাদেশের লস এঞ্জেলস বিএনপি’র দলীয় কার্যালয়ে বিএনপি’র ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও অখন্ড ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার রূহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ক্যালিফোর্ণিয়া বিএনপির সভাপতি বদরুল চৌধুরী শিপলু ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মো. বেলাল।
অনুষ্ঠানে মরহুম সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করে ক্যালিফোর্ণিয়া বিএনপি নেতৃবৃন্দ বলেন, আমাদের সকলের প্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা, ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকা আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি এমন এক সময় চলে গেলেন যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, তিনি তার সাথে শেষ দেখা করতে পারলেন না। আজকে সারা বাংলাদেশের মানুষ যখন অত্যাচারিত, লাঞ্ছিত, সেই সময়ে যে মানুষগুলো ঘুরে দাঁড়াচ্ছিল সাদেক হোসেন খোকা তার অন্যতম। তার বর্ণাঢ্য রাজনীতির কথা বলে শেষ করা সম্ভব নয়। আমরা আশা করি আর কাউকে যেন প্রতিহিংসার রাজনীতির শিকার হতে না হয়। সাদেক হোসেন খোকার এই অকালে চলে যাওয়ায় আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। তার চলে যাওয়ায় যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হলো সেই শূন্যতা পূরণ হওয়ার নয়। আমরা পরম করুণাময় আল্লাহতায়ালার কাছে এই দোয়া করি তিনি যেন তার সকল গুনাহ মাফ করে দেন, তাকে বেহেস্ত নসিব করেন।