লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে ক্যালিফোর্ণিয়া বিএনপি’র উদ্যোগে ৭ নভেম্বর বৃহস্পতিবার ‘মহান বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লিটল বাংলাদেশ এলাকায় অবস্থিত বাংলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দলের সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান।
অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা ছাড়াও প্রবাসী মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নাগরিকগণসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। কয়েকদিনের দুঃস্বপ্নের প্রহর শেষে সিপাহী-জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং বিএনপির প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পণ করে। তাই ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক তাৎপর্যমন্ডিত দিন।

সিপাহী জনতার বিল্প¬বের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতস্ত্র, একদলীয় শাসন, জনজীবনের বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে।
আলোচনায় বক্তব্য রেখেছেন- জিয়াউর রহমান, আবদুল হান্নান, মাসুদ হাসান, গোলাম সারওয়ার, বদরুল চৌধুরী, মো. আঃ বাছিত, সামসুজ্জোহা বাবলু, এম ওয়াহিদ রহমান, মাহবুবুর রহমান শাহীন, আফজাল হোসেন শিকদার, ফারুক হাওলাদার, শাহাদাত হোসেন শাহীন, মারুফ খান, এ্যাডঃ শামসুন খান লাকী, কামাল হোসেন তরুন প্রমুখ।