কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন (৩২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত কামাল উদ্দিন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দং ইউনিয়নের চামার দীঘির হানিফ বর বাড়ির আহমদ ছাপার ছেলে।
জানা যায়,গত ২৫ সেপ্টেম্বর বুধবার প্রতিদিনের মতো কাজ শেষে সন্ধ্যায় বাসায় ফেরার পথে পথিমধ্যে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।এতে কামাল উদ্দিন সহ আরো দুই বাংলাদেশি আহত হয়েছে। গুরুতর আহত কামাল উদ্দিন রিয়াদ সমসি হাসপাতালে প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত সোমবার ৭ অক্টোবর স্হানীয় সময় রাত ৯ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত কামাল উদ্দিনের মামাত ভাই সৌদি প্রবাসী নাসির উদ্দিন মঙ্গলবার ৮ অক্টোবর সকালে মুঠোফোনে জানান, তিনি জীবিকার তাগিদে গত ৮ মাস আগে সৌদিআরবের রিয়াদে পাড়ি জমান।দেশে তার দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
নিহত কামাল উদ্দিনের মরদেহ রিয়াদের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।