সিলেট থেকে: জাতীয় পর্যায়ে পরপর দুইবার দেশসেরা করদাতার গৌরব অর্জনের পর এবার নিজ অঞ্চল সিলেটেও দ্বিতীয়বারের মতো বিভাগীয় পর্যায়ে সেরা করদাতার সম্মাননা পেলেন তরুণ শিল্প উদ্যোক্তা এ কে এম আতাউল করিম।
সম্প্রতি সিলেটের চার জেলার বেশ কয়েক জনের নাম ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তার মধ্যে একমাত্র আতাউল করিমকে পুরো বিভাগের মধ্যে ২০১৮-১৯ সালের সেরা করদাতার সম্মানে ভূষিত করা হয়।
এর আগে আতাউল করিম ২০১৭-১৮ সালে একইভাবে সিলেট বিভাগীয় পর্যায়ে সেরা করদাতার সম্মান অর্জন করেছিলেন। এর আগে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ জাতীয় তিনি পর্যায়ে সেরা করদাতা হন।
নগরীর লালদিঘীর পাড়ের বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর মার্চেন্ট ও মোছা. জাহানারা বকর’র একমাত্র পুত্র এ কে এম আতাউল করিম দেশের শীর্ষস্থানীয় এবিএম ওয়াটার কোম্পানীর কর্ণদার। একইসাথে তিনি পরিবেশ প্রকৌশল ব্যবসা, রেইন হারভেস্ট প্রজেক্ট, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও কন্টেইনার হেন্ডেলিং ব্যবসা অত্যন্ত সুনামের সাথে পরিচালিত করছেন। তার এবিএম ওয়াটার কোম্পানীর মাধ্যমে বাংলাদেশের সাবমেরিন, পায়রা গভীর সমুদ্র বন্দর, বাংলাদেশের বৃহৎ অর্থনৈতিক অঞ্চল চট্রগ্রামের মিরশরাই ও চট্টগ্রাম নৌবাহিনীর বানৌজা ইশাখা ঘাটিতে ট্রিটমেন্ট প্ল্যান্ট সফলভাবে স্থাপন করা হয়েছে।
এছাড়া দেশের অনেক জনগুরুত্বপূর্ণ জনপদে এই প্ল্যান্ট স্থাপন করে তিনি প্রশংসিত হয়েছেন। পেয়েছেন রাষ্ট্রের অনেক পুরস্কার। একইভাবে তিনি দেশের সরকারি পর্যায়ে যে কয়টি সফল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন হয়েছে অধিকাংশ প্ল্যান্টই এবিএম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের হাত ধরেই হয়েছে। এ কে এম আতাউল করিম বলেন, সময় মতো সঠিকভাবে কর পরিশোধ করলে দেশ অনেকাংশে এগিয়ে যাবে। কিন্তু জায়গা অনেক দুর্বল। তদবে বর্তমান সরকারের সময় করের ব্যাপারে মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
একজন সফল পরিবেশবাদী সংগঠক ও শিল্প উদ্যোক্তা হিসেবে এ কে এম আতাউল করিমকে লন্ডনের ব্রিস্টল মেয়র কর্তৃক ব্রিস্টল ব্লু এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও পরিবেশবান্ধন কাজের জন্য লন্ডন, আমেরিকা, জার্মান, সিঙ্গাপুর, ডুবাই, সৌদি আরব, থাইওয়ান সহ পৃথিবীর বিভিন্ন দেশ কর্তৃক তাকে সম্মাননা দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে দেশের সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৪১টি ট্যাক্স কার্ড দেয় জাতীয় রাজস্ব বোর্ড। তার মধ্যে একজন ছিলেন এ কে এম আতাউল করিম।