জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: সারা বাংলাদেশে আশংকাজনকভাবে, শিশু ও নারী ধর্ষণ সহ যৌন হয়রানী, নির্যাতন, হত্যা বৃদ্ধি পাওয়ায় এ বিষয়ে উদ্বেগ জানিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছিল লন্ডনের বিভিন্ন অরাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। জেরিন স্মৃতি, লিপি হাওলদার, হাসিনা আক্তার এবং মিনহাজ কিবরিয়ার উদ্যোগে পূর্ব লন্ডনের বেতার বাংলা অফিসে গত ১৯ শে এপ্রিল ২০১৯, রোজ শুক্রবার, বিকাল ৫ টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক সময়ে বহুল সারা জাগানো এবং নৃশংস হত্যাকান্ডের শিকার নুসরাত জাহান রাফি সহ বিভিন্ন মাদ্রাসা, স্কুল, বাস, কর্মস্থলে নারী ও শিশুর প্রতি যেকোন যৌন হয়রানি, ধর্ষণ, নির্যাতন ও হত্যা রোধ সহ, এ ধরনের সকল ঘটনার সুষ্ঠ তদন্ত এবং দ্রুত আইনে বিচার পরিচালনা করার দাবি জানান আলোচক বৃন্দ।
এ বিষয়ে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে ঐক্যমতের ভিত্তিতে একটি স্বারকলিপি প্রদান সহ প্রতিবাদ সমাবেশের প্রস্তাব রাখা হয়। এ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন নারী ও শিশু অধিকার সংগঠনের সাথে লিয়াজো গঠনের মাধ্যমে মাঠ পর্যায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। যেন নারী ও শিশুর প্রতি ধর্ষন, যৌন নির্যাতন বন্ধে জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে সরকারী উদ্যোগ অব্যাহত থাকে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেক্যুলার মুভমেন্ট ইউকের সভানেত্রী পুষ্পিতা গুপ্তা, সেক্রেটারি অতিশ ডি সাহা, হিউম্যান রাইটস মুভমেন্ট ইউকের সভানেত্রী রূবি হক, মুক্তিযোদ্ধা ট্রাস্ট ইউকের সভাপতি ইঞ্জিনিয়ার মেফতা ইসলাম, লেডিস ক্লাব ইউকে ও বর্ণমালা আবৃত্তি সংগঠনের পক্ষে সভানেত্রী কবি হাসিনা আক্তার ও সদস্য মাহমুদুল হাসান রিপেল, সেভ ইনোসেন্স এর কর্নধার এবং মডেল জেরিন স্মৃতি, অভিনেতা-পরিচালক মিনহাজ কিবরিয়া, সলিসিটর ড. আনিসুর রহমান আনিস, কবি আফসানা আহমেদ, কবি মজিবুল হক মনি, কবি লিপি হাওলদার, মঞ্চ শৈলীর কর্নধার জিয়াউর রহমান সাকলাইন, বেতার বাংলার কর্নধার নিজাম চৌধুরী, সর্ব ইউরোপীয়ান বাংলাদেশী এসোসিয়েশন ইউকের সভাপতি মামুনুর রশীদ, আশরাফ সিদিক্কী নবীন, আব্দুল মোমেন, খুরশীদা জাহান, ডাঃ বিমল চন্দ্র পাল সহ প্রমুখ।
অরাজনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সমন্বয়ে সৃষ্ট এই প্ল্যাটফর্ম, নারী ও শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ দেখতে চায়। এরই ধারাবাহিকতায় প্রথম কর্মসূচি হিসাবে আগামী ৪ মে শনিবার বিকাল ৫ টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে ।