কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: অভিনব জালিয়াতির মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানাধীন ভূমি টুঙ্গাল গ্রুপ অফ কোম্পানির ৪০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ করেছে কোম্পানিটির মালিক ও ভুক্তভোগীরা। ৬ ফেব্রুয়ারি বুধবার কুয়ালালামপুরের জালান কেলাং নামায় কোম্পানির প্রধান কার্যালয়ে প্রতারক সুলেমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান মিজান ও সিতি আয়েশা বিনতে মোহাম্মদ সালাউদ্দিন এবং ভুক্তভোগীরা।
অভিযোগে তারা জানান, ভূমি টুঙ্গাল গ্রুপ অব কোম্পানীর সুপারভাইজার কর্মচারী কুমিল্লা জেলার বুড়িচং থানার পারুপাড়া গ্রামের আব্দুল গনীর পুত্র সুলেমান (পাসপোর্ট নং- বিএফ ০২৩২৭৭৪৩) ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত কোম্পানিতে কর্মরত সকল শ্রমিকদের ভিসা করে দেওয়া ও ভিসা নবায়ন করার দায়িত্বে ছিল। এজন্য শ্রমিকদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। কিন্তু সেই টাকার মধ্যে অধিকাংশ টাকা কোম্পানীর ফান্ডে জমা না দিয়ে আত্মসাৎ করে বাংলাদেশে পালিয়ে যায়। ফলে বিপদে পড়ে কয়েকশ বাংলাদেশি শ্রমিক। এদিকে প্রতিষ্ঠানের পক্ষথেকে সুলাইমানের এমন কর্মকাণ্ড কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসকে অবহিত করা হয় এবং একই সঙ্গে তার বিরুদ্ধে মালয়েশিয়ায় পুলিশ রিপোর্ট করে।