প্রবাস মেলা ডেস্ক: উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র ৩৩তম কনভেনশন অতীতের সকল আয়োজনকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। সম্মেলনের ভেন্যু, অনুষ্ঠানের ব্যাপ্তি এবং অংশগ্রহণকারী দর্শকদের সংখ্যা সহ নানা দিক বিবেচনায় এবারে সম্মেলনটি খুবই আকর্ষণীয় হবে। ১৬ মার্চ ২০১৯ শনিবার জাতীয় প্রেসক্লাবে এবারের কনভেনশনের প্রস্তুতি সহ নানা বিষয়ে কথা বলতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

৩৩তম ফোবানা কনভেনশন ২০১৯ এর কনভেনর নার্গিস আহমেদ সংবাদ সম্মেলনে জানান, এবারের কনভেনশনের আয়োজকের দায়িত্ব পেয়েছে নিউইয়র্কের জনপ্রিয় নাট্য সংগঠন ড্রামা সার্কেল। Our Children Our Pride স্লোগানে এবারের কনভেনশনে আটটি বিষয়ভিত্তিক সেমিনার, কাব্য জলসা ও আড্ডা স্থান পাবে। এছাড়াও ফোবানা ২০১৯ মিউজিক আইডল ও মিস ফোবানা ২০১৯ নামে দুটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতাও থাকছে বলে তিনি জানান।
নার্গিস আহমেদ বলেন, এবারের সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চ নামে একটি হাই প্রোফাইল বিজনেস সেশন অনুষ্ঠিত হবে। আমেরিকা ও বাংলাদেশের খ্যাতিমান বিজনেস ব্যক্তিত্বরা এতে অংশগ্রহণ করবেন। সম্মেলনের মূল অ্যারিনার সঙ্গে থাকছে ৬০ হাজার স্কয়ার ফিটের বিশাল এক্সপো সেন্টার, ফোবানা এক্সপোতে ১৫০টি স্টল থাকবে। স্পন্সরদের স্টল ছাড়াও মুখরোচক নানা খাবার, বাংলাদেশি বিভিন্ন স্টলসহ স্বাস্থ্য সেবা, জব ফেয়ার ও আবাসন ফেয়ার। প্রায় ২০ হাজার প্রবাসী বাংলাদেশি ফোবানা সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা আশা করছেন।
উল্লেখ্য, নিউইয়র্কের জনপ্রিয় নাট্যসংগঠন ড্রামা সার্কেল এর আয়োজনে আগামী ৩০, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর নিউইয়র্কের নাসাউ কলিসিয়ার লং আইল্যান্ডের ম্যারিয়ট হোটেলে তিন দিনব্যাপী ৩৩তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৭ হাজার আসনবিশিষ্ট এ ইনডোরে আমেরিকার ১৭টি রাজ্য থেকে ৭৬টি সংগঠন সম্মেলনে অংশগ্রহণ করবে। সম্মেলনে বাংলাদেশ থেকে সাংবাদিক, শিল্পী, বুদ্ধিজীবী ও সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও নিউইয়র্ক সিটি মেয়র ও গভর্নরসহ ৩০ জনেরও অধিক রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স ফ্লোরিডা এর প্রেসিডেন্ট আতিকুর রহমান, ড. জয়নাল আবেদীন, জেড আই রাসেল, রবিউল করীম, মোহাম্মদ কবীর কিরন, এনামুল হক এনাম, আনিসুল কবীর জfসির, ড. বাসুর ব্যানার্জী, ফকীর আলমগীর, জহির মাহমুদ, মোস্তাক আহমেদ প্রমুখ।