প্রবাস মেলা ডেস্ক: ভূমধ্যসাগরে এক নবজাতক ও এক অন্তঃসত্ত্বা নারীসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়ে গেছে। দুটি মানবাধিকার সংস্থা এ কথা জানিয়েছে। ২৬ মে ২০২৩ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শরণার্থীদের বহনকারী নৌযানের সহযোগিতার সংকেত গ্রহণকারী সংস্থা ‘অ্যালার্ম ফোন’ শুক্রবার বলেছে, বুধবার সকালে নৌকাটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই সময় নৌকাটি সাগরে ভাসমান ছিল। কিন্তু তাদের ইঞ্জিন ছিল বিকল। লিবিয়ার বেনগাজি বন্দরের উত্তর দিকে ৩২০ কিলোমিটার দূরে নৌকাটি অবস্থান করছিল।
২৫ মে ২০২৩, বৃহস্পতিবার ইতালির বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এমার্জেন্সি বলেছে, লাইফ সাপোর্ট জাহাজ ও ওশান ভাইকিং ২৪ ঘণ্টা ধরে নৌকাটির খোঁজে অনুসন্ধান চালায়। তবে সেটির কোনো খোঁজ বা ধ্বংসাবশেষ তারা পায়নি।
সংস্থাটির এক মুখপাত্র শুক্রবার বলেন, অনুসন্ধান অব্যাহত আছে। নৌকায় থাকা মানুষদের হয়ত অন্য কোনো নৌযানে নেয়া হয়েছে অথবা ইঞ্জিন সফলভাবে মেরামত করে সিসিলির দিকে অগ্রসর হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার পৃথক দুটি ঘটনায় ইতালির কোস্টগার্ড ৪২৩ ও ৬৭১ জনকে উদ্ধার করা হয়েছে। অ্যালার্ম ফোন বলেছে, নিখোঁজ নৌকার সঙ্গে এই উদ্ধারের সম্পর্ক নেই।