মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সৌদি আরব পূর্বাঞ্চল শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা দেলোয়ার হোসেন ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারী।
স্বাগত বক্তব্য রাখেন প্রচার সম্পাদক আব্দুর রহিম। এছাড়া বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষের কল্যাণে কাজ করেছেন। দেশের স্বার্থবিরোধী কোনো বিষয়ে তিনি কখনো আপস করেননি। তিনি সত্যিকার অর্থেই ‘মাদার অফ ডেমোক্রেসি’।
দেশ-বিদেশে বিভিন্ন ধর্ম-বর্ণ ও মতের মানুষ তার রোগমুক্তি কামনায় দোয়া করছেন।
সবশেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।