কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার সেগি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের ফুড ফেস্টিভালে সেরার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের খাবার। বিশ্ববিদ্যালয় এমপিএইচ হলরুমে সেগি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটি (এসআইএসএস) আয়োজিত উৎসবে বিশ্বের ১৮টি দেশকে হারিয়ে স্টল ক্যাটাগরিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। এতে বাংলাদেশ প্রথম, ইজিপ্ট দ্বিতীয় ও ব্রুনাই তৃতীয় স্থান অধিকার করে।
উৎসবে বিশ্বের প্রায় ১৮টি দেশের হরেক রকম মুখরোচক খাবারের পসরা নিয়ে একাধিক স্টল বসেছিল। অনুষ্ঠানে আগত দেশি-বিদেশি দর্শকরা লাইনে দাঁড়িয়ে বাংলাদেশি স্টল থেকে ট্র্যাডিশনাল খাবার কিনেছেন এবং বাংলাদেশি খাবারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
বাংলাদেশ, ফিলিস্তিন, সুদান, মালয়েশিয়া, ভারত, মালদ্বীপ শিক্ষার্থীদের আঞ্চলিক নাচের মধ্যদিয়ে শুরু হয় মূল সাংস্কৃতিক উৎসব। প্রতিযোগীদের অসাধারণ পারফরম্যান্সে দর্শক ও বিচারকদের মন কাড়ে বাংলাদেশের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বাংলাদেশের ছয় ঋতু নিয়ে নাচ পরিবেশন করে বাংলাদেশের শিক্ষার্থীরা। নাচের মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্য। বাংলাদেশী শিক্ষার্থীদের অসাধারণ পরিবেশনার সময়ে মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে উঠে পুরো হলরুম।
সেগি ইউনিভার্সিটি বাংলাদেশ এম্বাসেডর তাহমিনা ভূঁইয়া মিনা বলেন, এই অর্জন শুধু আমাদের নয় বরং এটি সমগ্র বাংলাদেশের অর্জন।
আমি খুবই আনন্দিত এতগুলো দেশকে হারিয়ে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে বলে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে সত্যি আজ খুব ভালো লাগছে। বাংলাদেশ দিন দিন যেমন উন্নতি করছে তেমনি বিদেশে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাংলাদেশের সুনাম বিশ্বের দরবারে অক্ষুন্ন রাখছে। প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণ করেন ফায়েজ হসান মাহিন, রাকিব হাসান, ভিমলেস গনেস, খন্দকার আবরার মোস্তাফা, শীরিন তাবাসসুম অধরী, ইলমা পারভীন, জাবীন তাসনিন ইলমা, মো. রায়হান আবেদীন, লায়লা আফরোজ, জাহিদ সরকার, জারিন আঞ্জম, রিফাত মো. দিপ্তু, আসরাফ জাহান, তামজিদ ইসলাম, সেনজুয়িতা সুত্রাধর, জয়নাব এবং ফ্যাশনে মালিহা বিনতে রুহুল আমিন ও আদিব আল রুমান।
বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এস এম রহমান রহমান পারভেজসহ মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।