প্রবাস মেলা ডেস্ক: ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বছরজুড়েই ব্যস্ত থাকেন তিনি। উৎসব কেন্দ্র করে নাটক নিয়ে তার ব্যস্ততা বেড়ে যায়। তবে এবারের ঈদে অভিনেত্রী নতুন চমক দিলেন। জানালেন আংটিবদল তার। শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আংটিবদলের খবর দিয়েছেন চমক। নিজের পছন্দের মানুষটির সঙ্গে আংটিবদল হয়েছে তার। বিশেষ দিনের দুটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, লাল সেলয়ার কামিজ ও লাল পাঞ্জাবিতে সেজেছেন চমক ও তার হবু স্বামী। অন্য একটি ছবিতে দেখা গেছে দুজনের হাতে আংটি।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি। আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। চমকের আংটিবদল এবং বিয়ের খবরে উচ্ছ্বসিত তার ভক্তরাও। কমেন্ট বক্সে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বন্ধু থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। পাত্র কে সে প্রসঙ্গে এখনও কিছু বলছেন না চমক। এমনকি পাত্রের নামও প্রকাশ করেননি অভিনেত্রী।
২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেনা চমক। লেখাপড়ার বিরতি শেষে ২০২০ সালে ছোট পর্দার অভিনয় শুরু করেন তিনি। ওটিটিতেও কাজ করেছেন তিনি।