লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা বিভাগীয় সমিতি যুক্তরাজ্যের নেতৃবৃন্দ। বুধবার (২১ মে) লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগীয় সমিতির সভাপতি নাহিদ নেওয়াজ রানার নেতৃত্বে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সংগঠনের সার্বিক কার্যক্রম, লক্ষ্য-উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা হাইকমিশনারকে অবহিত করা হয়। এছাড়াও আলোচনায় উঠে আসে খুলনার ঐতিহ্যবাহী খাবারের প্রসার এবং বাংলাদেশে সমিতির নিজস্ব অর্থায়নে পরিচালিত বিভিন্ন চ্যারিটি কার্যক্রমের বিষয়গুলো।
হাইকমিশনার আবিদা ইসলাম প্রবাসে ও দেশে খুলনা বিভাগীয় সমিতির অবদানের প্রশংসা করে বলেন, “প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সমিতির ভবিষ্যৎ কার্যক্রমকে আরও বেগবান করতে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।
বিশেষভাবে তিনি খুলনার ঐতিহ্যবাহী খাবার—চুই ঝাল মাংস, পিঠা, পুলি ও চিংড়ি মাছের মতো আঞ্চলিক পদগুলোর পেশাদার প্রচারের গুরুত্ব তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন যে, সমিতি এ কার্যক্রম নিষ্ঠার সঙ্গে অব্যাহত রাখবে।
দীর্ঘ ১৫-১৬ বছর পর লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ও খুলনা বিভাগীয় সমিতির মধ্যে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ বৈঠককে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক চঞ্চল।
সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন প্রবাসী সিনিয়র সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলু। তিনি বলেন, “পারস্পরিক মতবিনিময় ও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ভবিষ্যতের সম্পর্ক উন্নয়নে এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় হাইকমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মো. হজরত আলী খান এবং মিনিস্টার (পলিটিক্যাল) শেখ মো. শাহরিয়ার মোশাররফ।
খুলনা সমিতির পক্ষে আরও উপস্থিত ছিলেন মাকসুদ আহমেদ সুমন, কায়ুম হাসান স্বপন, সুলতানা শেখ, মো. এনামুল হক, অর্ঘ্য বিশ্বাস প্রমুখ।
সাক্ষাৎশেষে খুলনা বিভাগীয় সমিতির পক্ষ থেকে হাইকমিশনার আবিদা ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং আগামী ১৪ জুন পূর্ব লন্ডনের রিজেন্টস লেক ব্যাংকুইটিং হলে অনুষ্ঠিতব্য ‘খুলনা উৎসব’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়।