মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম ও গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভি সৌদি আরবের প্রধান প্রতিনিধি ফারুক আহমেদ চানের নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—দৈনিক নবযুগ পত্রিকার সৌদি আরব প্রতিনিধি ও বাপ্রসাফের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম; ফোরামের সহ-সভাপতি ও এনটিভি সৌদি আরবের সহকারী প্রধান প্রতিনিধি মাসুদ রানা; ফোরামের সাধারণ সম্পাদক ও বর্ণ টিভির পরিচালক ফকির আল আমিন; ফোরামের দপ্তর সম্পাদক ও বৈশাখী টিভির রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম; প্রচার সম্পাদক ও এসএ টিভির রিয়াদ প্রতিনিধি ফকির হাকিমসহ আরও অনেকে।
উক্ত সভায় সৌদি আরবস্থ ৩৫ লাখ প্রবাসী বাংলাদেশির বিভিন্ন সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা হয়।
মতবিনিময়ের এক পর্যায়ে গণমাধ্যম কর্মীরা বলেন— আপনি সৌদি প্রবাসীদের অভিভাবক। ইতোমধ্যে প্রবাসীরা নিরাপদ জীবনযাপনে অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে আছে। কতিপয় চাঁদাবাজ ও অপহরণকারী দুষ্কৃতকারীরা সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের শ্রমবাজারকে আতঙ্কিত করে তুলছে। যেকোনো সাধারণ প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে। মুক্তিপণ দেওয়ার পরও অনেকেই নিখোঁজ হয়ে যাচ্ছে কিংবা লাশ হয়ে ফিরছে। এই ভয়াবহতা চলতে থাকলে সৌদি আরব সরকার কর্তৃক আমাদের শ্রমবাজারে নিষেধাজ্ঞা জারির আশঙ্কা তৈরি হতে পারে।
তাই এই বিষয়ে বাংলাদেশ সরকার ও দূতাবাস কর্তৃক দ্রুত পদক্ষেপ গ্রহণ করা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া বিভিন্ন প্রমাণের ভিত্তিতে কতিপয় চাঁদাবাজ ও অপহরণকারী গ্রেফতার হলেও অনায়াসে তারা ছাড়া পেয়ে আরও ভয়ংকর রূপে অপহরণকে পেশা হিসেবে নিয়েছে। কে বা কারা তাদের সহযোগিতা করছে—এই বিষয়ে বিশেষ নজরদারি ও আইনি সহায়তা জোরদার করা জরুরি বলে জানান গণমাধ্যম কর্মীরা।
মতবিনিময় চলাকালে ফোরামের প্রতিনিধি দল রাষ্ট্রদূতের হাতে সময়োপযোগী বিভিন্ন বিষয়ে স্মারকলিপি প্রদান করেন। রাষ্ট্রদূত অপরাধ প্রবণতার বিষয়গুলো সার্বিক বিবেচনায় করে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।