পার্থসারথি ঝা
মালদা, পশ্চিমবঙ্গ
আমি চেয়েছিলাম একখন্ড আগুন
একটা অজানা অন্ধকার ঘরে আলো জ্বালবো বলে
তাকে আমি চিনি না কারণ আমার অহংকার তাকে
চিনতে দেয়নি, ধর্ম এক সীমানা রেখা এঁকেছিলো…
আমি চেয়েছিলাম ঐ বৈরাগীর মাঠ পেরিয়ে সবুজ দেখি
আমি চেয়েছিলাম অবিশ্বাসের জানালা খুলে পায়রার ঝাঁক
আকাশে উড়িয়ে দিই, যৌবন ঝাঁকিয়ে দিয়ে যাক বহুদূর
বাতাসের নাচন চোখ মেলে দেখি…
আমি চেয়েছিলাম কোলাহলহীন পথ
বহুদিন গভীর ঘুমে থাকা এক আগ্নেয়গিরি
আগুনের উত্তাপে পরিশুদ্ধ এক ত্যাগী সন্ন্যাসী
ইশারায় নিয়ে পেরিয়ে গেলো রক্তজমাট নদী…