রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির তৎপরতা আরও জোরদার হয়েছে। এর অংশ হিসেবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীমের আমন্ত্রণে বাংলাদেশ সফর করছেন জর্ডান কেন্দ্রীয় বিএনপির সভাপতি খান মো. লিটন এবং সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী।
সম্প্রতি ঢাকায় পৌঁছে তারা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের সাংগঠনিক কার্যক্রম, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপির উপস্থিতি শক্তিশালীকরণ এবং আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের কৌশলগত প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া তারা নিজ নিজ এলাকায় দলীয় প্রার্থীর পক্ষে ধানের শীষে ভোট চাওয়ার লক্ষ্যে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেছেন। নির্বাচনী প্রচারণায় প্রবাসীদের ভূমিকা ও জনগণের কাছে বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
জর্ডান বিএনপির নেতাদের এই সফরকে ঘিরে প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। প্রবাসী নেতাকর্মীরা মনে করছেন- আন্তর্জাতিক পর্যায়ে দলের যোগাযোগ ও কার্যক্রমকে আরও গতিশীল করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।