রনি মোহাম্মদ, লিসবন,পর্তুগাল প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস লিসবন, পর্তুগালের উদ্যোগে ২৫ মে শনিবার বাঙ্গালি অধ্যুষিত মাতৃ মনিজের বায়তুল মোকারম জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী।
উপস্থিত ছিলেন পর্তুগালের বিভিন্ন সামাজিক আঞ্চলিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশী ছাড়াও ভারত, পাকিস্তান ও আফ্রিকা সহ বিভিন্ন দেশের প্রায় ৫ শতাধীক মুসল্লি।

বায়তুল মোকারম জামে মসজিদের উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আগত মুসল্লিদের স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হাসান আব্দুল্লাহ তৌহিদ সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে আগত সকল প্রবাসীদের সাথে এ সময় রাষ্ট্রদূত কুশল বিনিময় করেন এবং রমজানের শিক্ষা ব্যক্তি জীবনে কাজে লাগাতে সকলের প্রতি আহ্বান জানান।

ইফতার পূর্বে রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মসজিদের ইমাম অধ্যাপক মাওঃ আবু সাইদ বলেন, মাহে রমজানের রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো মাহে রমজান। ইফতার পূর্বে বিশেষ মোনাজাতে দেশে, প্রবাসের সহ মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।