প্রবাস মেলা ডেস্ক: দক্ষ নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)–এ সিটি কর্পোরেশনের ৯ম গ্রেডের কর্মকর্তাদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দক্ষ নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারাই মাঠপর্যায়ে নগর সেবার মান বাড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারেন। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো ছাড়া টেকসই নগর সেবা নিশ্চিত করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।’
উপদেষ্টা বলেন, ‘বাজার ও মার্কেট এলাকায় পলিথিনের ব্যবহার বন্ধে সচেতনতা বাড়াতে হবে এবং কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমানোর জন্য জনগণকে অভ্যাস পরিবর্তনের পথে এগিয়ে নিতে হবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘শব্দদূষণ শহরের মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই হাইড্রোলিক হর্ন, লাউডস্পিকার ও নির্মাণকাজে শব্দ নিয়ন্ত্রণ কঠোরভাবে বাস্তবায়ন করা জরুরি। পাশাপাশি নির্মাণসামগ্রী ভেজা পদ্ধতিতে সংরক্ষণ, পরিবহন এবং অবৈধ ইটভাটা বন্ধে সিটি কর্পোরেশনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।’
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে ফিরে বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ, শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- এনআইএলজি’র মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন অধিশাখা) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান এবং এনআইএলজি’র পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মো. কায়েসুজ্জামান।