প্রবাস মেলা ডেস্ক: পেশাগত কাজ থেকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করা হলো অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে। অভিনেত্রীর সব অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ায় আর্থিক জরিমানা ও আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়ার পাশাপাশি তাকে ৩ মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
অভিনেত্রীকে ৩ মাসের জন্য পেশাগত কাজ থেকে বিরত রাখার আহ্বান জানান ডিরেক্টর গিল্ড। এ আহ্বানের ভিত্তিতেই চমককে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে চমকের পেশাগত কাজে বিরতির সময় কার্যকর করা হবে। ডিরেক্টর গিল্ড অফিসে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।
গত ৪ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে মূলত টিভি অভিনেত্রী চমকের এ শাস্তি হলো। ওই দিন আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’-এর সেটে অভিনেত্রীর সঙ্গে শুটিংয়ের অনেক সদস্যের তর্কাতর্কি হয়। এরপর পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে এবং শুটিং বন্ধ হয়ে যায়।
জানা যায়, এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণ করেন অভিনেত্রী চমক। এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশও ডেকে আনেন।
অভিযোগ তোলেন নির্মাতা ও অভিনয়শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহারের। শুধু তাই নয়, সহ-অভিনেতা আরশ খানের বিরুদ্ধে কুপ্রস্তাব দেয়াসহ তাকে প্রাণে মেরে ফেলার হুমকিরও অভিযোগ দেন চমক। তবে সব অভিযোগই অভিনেত্রীর মিথ্যা প্রমাণিত হয়েছে।
এরপরই অভিনয়শিল্পী সংঘের রায়ে আর্থিক জরিমানা ও আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়া হয় চমককে। এবার ডিরেক্টর গিল্ডের রায়ে ৩ মাসের জন্য নিষিদ্ধ হলেন অভিনেত্রী।